১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪

‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না’

ইরানের স্পিকার   © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না।’

তিনি আরও জানান, এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।

একই পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন গালিবাফ। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এক ঘণ্টায় যে সাতটি দাবি করেছেন, সেগুলোর সবই মিথ্যা।'

গালিবাফ আরও বলেন, 'এই মিথ্যা দিয়ে তারা যুদ্ধেও জয়ী হয়নি এবং আলোচনাতেও কোনো অগ্রগতি করতে পারবে না।'

এ ছাড়া তিনি পুনরায় সতর্ক করে বলেন, 'অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি পুরোপুরি খোলা থাকবে না। প্রণালি দিয়ে জাহাজ চলাচল নির্ধারিত রুট অনুসারে এবং ইরানের অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে।'

প্রণালি সংক্রান্ত সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ধারিত হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, 'হরমুজ প্রণালির নিয়মকানুন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ধারিত হতে পারে না।'

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত হয়।

সূত্র: আল–জাজিরা