১১ এপ্রিল ২০২৬, ১৯:৩৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসল ইরান

প্রতীকী ছবি  © সংগৃহীত

ইসলামাবাদে চলমান শান্তি আলোচনায় নাটকীয় পরিবর্তন এসেছে। গত শুক্রবার পর্যন্ত ধারণা করা হচ্ছিল যে, এটি হবে পরোক্ষ আলোচনা-যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলাদা কক্ষে বসবেন এবং পাকিস্তানি মধ্যস্থতাকারীরা বার্তা আদান-প্রদান করবেন। তবে আলোচনার গতিপ্রকৃতি বদলে গিয়ে এখন দুই দেশ সরাসরি সংলাপে  লড়ছে। খবর আল জাজিরার

সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে, উভয় দেশের প্রতিনিধি দল এখন একই টেবিলে বসে আলোচনা করছে। এই ঐতিহাসিক বৈঠকে পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত রয়েছেন। দীর্ঘদিনের বৈরিতা এবং গত কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর দুই দেশের প্রতিনিধিদের মুখোমুখি বসে কথা বলাকে একটি বিশাল কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, পরোক্ষ আলোচনার বদলে সরাসরি সংলাপে বসার এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে, উভয় পক্ষই একটি দ্রুত এবং কার্যকর সমাধানে পৌঁছাতে আগ্রহী। বিশেষ করে হরমুজ প্রণালী সচল করা এবং লেবাননে যুদ্ধবিরতির মতো জটিল বিষয়গুলোতে সরাসরি যুক্ত হওয়া ছাড়া কোনো স্থায়ী সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলে মনে করছিল মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। প্রতিনিধিরা এখন সরাসরি একে অপরের দাবি ও শর্তগুলো নিয়ে কথা বলছেন, যা এই আলোচনার ফলাফলকে আরও ইতিবাচক করতে পারে বলে আশা করা হচ্ছে।