লেবাননে হামলা কমাতে নেতানিয়াহুকে নির্দেশ দিল ট্রাম্প
ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি যাতে ভেস্তে না যায়, সে লক্ষ্যে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লেবাননে হামলা কমানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার টেলিফোনে নেতানিয়াহুকে এ নির্দেশ দেন ট্রাম্প—এ তথ্য নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা। তারা সংবাদমাধ্যম এনবিসি নিউজকে জানান, লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই নেতানিয়াহুকে ফোন করেন ট্রাম্প।
এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেন, ইরানের সঙ্গে আলোচনার স্বার্থে লেবানন ইস্যুতে সংযত থাকার বিষয়ে ইসরায়েল সম্মত হয়েছে।
একই দিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এতে লেবানন অন্তর্ভুক্ত থাকলেও দখলদার ইসরায়েল দেশটিতে ব্যাপক হামলা চালায়। এতে দুই শতাধিক মানুষ নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হন।
এদিকে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং লেবাননের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রিসভাকে দ্রুততম সময়ের মধ্যে এ আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।
এক বিবৃতিতে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, ‘লেবাননের পক্ষ থেকে সরাসরি আলোচনার বারবার অনুরোধের প্রেক্ষিতে, আমি গতকালই মন্ত্রিসভাকে দ্রুত আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছি।’
তিনি আরও বলেন, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং লেবাননের সঙ্গে ইসরায়েলের শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা।
অন্যদিকে, লেবাননের প্রধানমন্ত্রী রাজধানী বৈরুতকে নিরস্ত্র করার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ সরকারি বাহিনী ছাড়া অন্য সবার কাছ থেকে অস্ত্র জব্দ করা হবে। তার এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন নেতানিয়াহু।