১০ এপ্রিল ২০২৬, ০৮:১৪

রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

নেতানিয়াহু  © সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দুর্নীতির মামলার বিচার কাজ আগামী রবিবার থেকে পুনরায় শুরু হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধাবস্থার কারণে দেশজুড়ে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়ার পর বৃহস্পতিবার আদালতের একজন মুখপাত্র এই সিদ্ধান্তের কথা জানান। 

ইসরায়েলি আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি অবস্থা প্রত্যাহার ও বিচারব্যবস্থা আবার সচল হওয়ায় এখন থেকে শুনানি যথারীতি চলবে। আগামী রবিবার থেকে বুধবারের মধ্যে এই মামলার শুনানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ পরিস্থিতির পর গত বুধবার ইসরায়েলে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। এর ফলে তেল আবিবসহ অন্যান্য শহরে স্কুল ও কর্মস্থলগুলো আবার খুলতে শুরু করেছে। 

 যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর ইরান পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়লে দেশটিতে অস্থিরতা তৈরি হয়।  বুধবার রাত তিনটার পর নতুন করে কোনো ইরানি হামলার খবর পাওয়া যায়নি। যদিও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে বর্তমান যুদ্ধবিরতি এখনও ঝুঁকির মুখে রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ স্পষ্ট জানিয়েছেন, 'ইরানের সঙ্গে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।'

প্রথম কোনো ক্ষমতাসীন ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে এই বিচারের মুখোমুখি হতে হচ্ছে। ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির মতো গুরুতর অভিযোগ আনা হলেও তিনি সবসময়ই তা অস্বীকার করে আসছেন।

২০২০ সালে এই বিচার প্রক্রিয়া শুরু হলেও বিভিন্ন কারণে তা বারবার বিলম্বিত হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর কারাদণ্ড হতে পারে। এই কঠিন সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন এবং তাঁকে ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি আহ্বান জানিয়েছেন।