লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার নির্দেশ দিলেন নেতানিয়াহু
ইসরায়েল ও লেবাননের মধ্যকার সংঘাত নিরসনে এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণে সরাসরি আলোচনা শুরু করতে মন্ত্রিসভার সদস্যদেরকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুই দেশের মধ্যে ‘শান্তি সম্পর্ক’ স্থাপনের লক্ষ্যে যত দ্রুত সম্ভব এই আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ‘ইসরায়েলের সাথে সরাসরি আলোচনা শুরুর ব্যাপারে লেবাননের বারবার অনুরোধের প্রেক্ষিতে আমি গতকাল মন্ত্রিসভাকে লেবাননের সাথে যত দ্রুত সম্ভব আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছি।’
বিবৃতিতে আলোচনার মূল বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট করে বলা হয়েছে, ‘এই আলোচনার প্রধান লক্ষ্য হবে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা।’
বৈরুতকে বেসামরিকীকরণের লক্ষ্যে লেবাননের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আহ্বানের প্রশংসা করে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘আলোচনা হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তি সম্পর্ক স্থাপনের দিকে মনোনিবেশ করবে। বৈরুতকে নিরস্ত্রীকরণের বিষয়ে লেবাননের প্রধানমন্ত্রীর আজকের আহ্বানকে ইসরায়েল সাধুবাদ জানায়।’
বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে এই কূটনৈতিক উদ্যোগ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য গত বুধবার যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই লেবাননের রাজধানী বৈরুত সহ লেবাননের বেসামরিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যেখানে ১৩৩ জন লেবানিজ মারা গেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।