০৯ এপ্রিল ২০২৬, ২১:২৫

দিনে চলবে মাত্র ১৫টি জাহাজ, হরমুজ প্রণালিতে নতুন নিয়ম আরোপ করল ইরান

হরমুজ প্রণালি  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (তাস) ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। 

ইরান ও ওমানের মধ্যবর্তী মাত্র ২১ মাইল প্রশস্ত এই হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেলের ২০ শতাংশ পরিবহন করা হয়। যে কারণে জলপথটি বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানির পাশাপাশি সারসহ বিভিন্ন জরুরি পণ্য এই রুট দিয়েই পরিবাহিত হয়।

ফেব্রুয়ারির শেষে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান এই গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথটি প্রায় বন্ধ করে রেখেছিল, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যায়। 

তবে বুধবার পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হলেও, দৈনিক ১৫টি জাহাজের এই সীমাবদ্ধতা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় কতটা স্বস্তি ফেরাবে, তা নিয়ে সংশয় রয়েছে। মূলত সমুদ্রসীমায় নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং নিরাপত্তার অজুহাতেই তেহরান এই সীমিত চলাচলের নিয়ম জারি করেছে বলে ধারণা করা হচ্ছে।