০৯ এপ্রিল ২০২৬, ১২:১০

আঞ্চলিক স্থিতিশীলতায় ইউরোপের দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত: মাসউদ পেজেশকিয়ান

ইরান ও ফ্রান্সের প্রধানম  © সংগৃহীত

স্থায়ী আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় দেশগুলোকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই আহ্বান জানান।

ফোনালাপে পেজেশকিয়ান স্পষ্ট করেন যে, লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করা ইরানের ১০-দফা প্রস্তাবের অন্যতম প্রধান শর্ত।

ইরানের প্রেসিডেন্ট ইউরোপীয় দেশগুলোর ভূমিকার সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যে আক্রমণ চালিয়েছে, তা নিয়ে ইউরোপ স্পষ্ট ও দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। তার মতে, আঞ্চলিক শান্তি রক্ষায় ইউরোপকে অবশ্যই 'দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা' নিতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, ইরান কূটনীতি ও দায়িত্ববোধের পরিচয় দিলেও এখন আক্রমণকারীদের ওপর চাপ সৃষ্টি করা প্রয়োজন যাতে তারা তাদের প্রতিশ্রুতি মেনে চলে।

আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পেজেশকিয়ান বলেন, হরমুজ প্রণালীতে বর্তমান নিরাপত্তাহীনতা 'যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক আক্রমণের সরাসরি ফলাফল।' 

ইরান দীর্ঘকাল নিরাপদ নৌপথ নিশ্চিত করলেও বর্তমান পরিস্থিতিতে নিজের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রতিপক্ষ ও তাদের মিত্রদের জন্য জলপথ বন্ধ করে দিয়েছে। এই নৌপথ পুনরায় সচল করার শর্ত হিসেবে তিনি আঞ্চলিক নিপীড়ন বন্ধের ওপর জোর দেন।

অন্যদিকে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন যুদ্ধবিরতি ঘোষণাকে 'যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ করার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ' হিসেবে অভিহিত করেন। লেবাননে সহিংসতা বন্ধের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি পারস্য উপসাগরে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আটক দুই ফরাসি নাগরিককে মুক্তি দেওয়ায় ম্যাক্রন ইরানকে ধন্যবাদ জানান।