০৯ এপ্রিল ২০২৬, ১১:১১

পাকিস্তানের রাজধানীতে দুই দিনের ছুটি ঘোষণা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ   © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনাকে সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত রাজধানীতে এই ছুটি কার্যকর থাকবে বলে জানা গেছে।  

বুধবার রাতে ইসলামাবাদ জেলা প্রশাসনের জারি করা প্রজ্ঞাপনে ছুটির নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকের আগে নিরাপত্তার স্বার্থে রাজধানীতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার নজির রয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনার প্রস্তুতি চলছে ইসলামাবাদে। হোয়াইট হাউজ জানিয়েছে, এই সপ্তাহান্তে অনুষ্ঠেয় বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

ছুটির মধ্যেও জরুরি সেবাগুলো চালু থাকবে। পুলিশ, হাসপাতাল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

জেলা প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, ‘জরুরি সেবাসমূহ চালু থাকবে।’ পাশাপাশি বাসিন্দাদের ‘সেই অনুযায়ী নিজেদের কার্যক্রম পরিকল্পনা করার’ পরামর্শ দেওয়া হয়েছে।