০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৯

হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের

হরমুজ প্রণালী  © সংগৃহীত

সমুদ্রতলে পেতে রাখা সম্ভাব্য মাইন বিস্ফোরণের ঝুঁকি এড়াতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে ইরানের রেভ্যুলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওমান সাগর ও পারস্য উপসাগরের মধ্যে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ইরান। 

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যেসব জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করতে চায়, তাদের অবশ্যই আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে।

ঘোষিত নতুন দিকনির্দেশনা অনুযায়ী, ওমান সাগর থেকে পারস্য উপসাগরে প্রবেশের সময় জাহাজগুলোকে লারাক দ্বীপের উত্তর দিক ব্যবহার করতে হবে। অন্যদিকে, পারস্য উপসাগর থেকে ওমান সাগরের দিকে বেরিয়ে যাওয়ার সময় লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে যাতায়াত করতে হবে। 

মূলত জলপথে মাইন বিস্ফোরণের মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও নিরাপত্তা ঝুঁকি কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ওমান সাগর ও পারস্য উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই প্রণালীটি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হওয়ায় ইরানের এই ঘোষণা আন্তর্জাতিক মহলে গুরুত্বের সাথে দেখা হচ্ছে।