০৮ এপ্রিল ২০২৬, ২৩:২০

যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭

লেবাননে ইসরায়েলের হামলা  © সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুত ও অন্যান্য এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (৮ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির পর লেবাননে অস্বাভাবিকভাবে হামলা শুরু করে দখলদাররা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইসরায়েলি হামলায় ১১২ জন প্রাণ হারিয়েছেন এবং ৮৩৭ জন আহত হয়েছেন।’

ইরান মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

তবে তেহরান জানিয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন চললে এই আলোচনা আর অনুষ্ঠিত হবে না। এছাড়া ইরান হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে এবং উপসাগরীয় আরব দেশগুলোতেও নতুন হামলার সতর্কতা জারি করেছে।

যুদ্ধবিরতি ঘোষণা করার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মিত্ররা যুদ্ধবিরতির আওতায় থাকবে। অর্থাৎ হিজবুল্লাহর ওপরও হামলা বন্ধ থাকবে। কিন্তু ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়েছে।