০৮ এপ্রিল ২০২৬, ২২:১৪

অনুমতি ছাড়া হরমুজ দিয়ে জাহাজ চালালে ধ্বংস করা হবে, সতর্কতা ইরানের নৌবাহিনীর

হরমুজ প্রণালিতে ইরানের নৌবাহিনী  © সংগৃহীত

অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চালানোর চেষ্টা করলে সেই জাহাজ ধ্বংস করা হবে বলে সতর্ক করেছে ইরানের নৌবাহিনীর। আজ বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর ইরান হরমুজ প্রণালি খুলে দিয়েছে। তবে এখন থেকে এ রুট ব্যবহার করতে ইরানের অনুমতি নিতে হবে। খবর রয়টার্স

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ইরানের নৌবাহিনী হরমুজ ও আশপাশে থাকা জাহাজগুলোকে বার্তা পাঠায়। এতে বলা হয়, হরমুজ এখনো বন্ধ আছে। যদি কোনো জাহাজ অনুমতি ছাড়া এখান দিয়ে চলার চেষ্টা করে তাহলে সেটি ধ্বংস করে দেওয়া হবে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অবশ্য দুটি জাহাজ হরমুজ দিয়ে পার হয়। এরপরই ইরানি নৌবাহিনীর কাছ থেকে কঠোর সতর্কতা আসে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ অবশ্য এক সংবাদ সম্মেলনে দাবি করেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে। কিন্তু ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, হরমুজ আগামী শুক্রবার সীমিত ও নিয়ন্ত্রিত আকারে খুলে দেওয়া হতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসার আগ মুহূর্তে হরমুজ খোলা হতে পারে।