০৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫

রাজনৈতিকভাবে ব্যর্থ নেতানিয়াহু: বিরোধীদলীয় নেতা

ইসরায়েলি বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ  © সংগৃহীত

ইসরায়েলের চলমান যুদ্ধবিরতি পরিস্থিতি ঘিরে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ। তিনি অভিযোগ করে বলেছেন, নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন এবং দেশের ইতিহাসে এর মতো বড় রাজনৈতিক বিপর্যয় আর ঘটেনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক প্রতিক্রিয়ায় লাপিদ লেখেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন দেশটি আলোচনার টেবিলেই উপস্থিত ছিল না। তিনি বলেন, ‘আমাদের ইতিহাসে এমন রাজনৈতিক বিপর্যয় আর কখনও দেখা যায়নি। জাতীয় নিরাপত্তার কেন্দ্রীয় বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।’

লাপিদ আরও উল্লেখ করেন, সামরিক বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে এবং সাধারণ জনগণও অসাধারণ ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে। তবে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগত—দুই ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন এবং তিনি নিজে যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তার একটিও অর্জন করতে পারেননি।

তিনি আরও বলেন, নেতানিয়াহুর অহংকার, অবহেলা এবং কৌশলগত পরিকল্পনার অভাবের কারণে যে রাজনৈতিক ও কৌশলগত ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে ইসরায়েলের বহু বছর সময় লাগবে।