৩০ মার্চ ২০২৬, ০৭:৪২

ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প   © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে চান। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর আল জাজিরা।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের কাজ ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেওয়া। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু বোকা লোক বলছে, “আপনি এটা কেন করছেন?” ওরা আসলেই বোকা।’

তিনি আরও বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেব, কিংবা হয়তো নেব না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে।’ পাশাপাশি তিনি যোগ করেন, ‘সেখানে (খারগ দ্বীপ) আমাদের কিছুদিন অবস্থান করতে হতে পারে।’

ইরানের খারগ দ্বীপে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না তাদের (ইরান) কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা খুব সহজে এটি নিয়ন্ত্রণে নিতে পারি।’

ট্রাম্পের এই অবস্থানকে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার জ্বালানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে তুলনা করা হচ্ছে। গত জানুয়ারিতে কারাকাসে মার্কিন সামরিক অভিযান চালানো হয়। ওই সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটক করে নিউইয়র্কে নেওয়া হয়। এরপর থেকে অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা ভেনেজুয়েলার জ্বালানি খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

বিশ্লেষকদের মতে, ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপ নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিতে পারে।