২৪ মার্চ ২০২৬, ১১:০৪

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

বিশাল বিস্ফোরণ  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে বিশাল বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের মাত্রা এতটাই বড় যে শোধনাগারের আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। খবর এএফপির

সোমবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শোধনাগারটির মালিক মার্কিন তেল ও গ্যাস উত্তোলন ও বিপণনকারী কোম্পানি ভালেরো।

বিস্ফোরণের কিছু সময় পর পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভালেরোর তেল শোধনাগারে সাম্প্রতিক বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে শোধনাগারটির আশপাশের এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ের দিকে সরে যেতে বলা হচ্ছে। শোধনাগারের সংলগ্ন সব এলাকার বাসিন্দাদের জন্য এই নির্দেশ প্রযোজ্য।

পৃথক এক বিবৃতিতে ভালেরো কোম্পানি জানিয়েছে, শোধনাগারের সব কর্মীর সন্ধান পাওয়া গেছে, কেউ নিখোঁজ নয় এবং কর্মীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে শোধনাগারে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়ার কুন্ডলি উঠছে। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দ হয়েছিল এবং ধাক্কায় অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।

পোর্ট আর্থার হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত। ভালেরোর ওয়েবসাইট অনুযায়ী, বিস্ফোরণের শিকার শোধনাগারে ৮০০ জন কর্মী ছিলেন এবং প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয়। এছাড়া সেখানে গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদন করা হয়।