ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও স্যাটেলাইট কেন্দ্রে ইরানের হামলা
ইসরায়েলের বিশেষ পুলিশের সদর দপ্তর এবং প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে শক্তিশালী ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রবিবার (১৫ মার্চ) ইসরায়েলের কেন্দ্রে থাকা এই দুই স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে তেহরান। খবর আল জাজিরার
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট ‘লাহাব-৪৩৩’ এর সদর দপ্তর এবং ‘গিলাত’ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে এই শক্তিশালী ড্রোন হামলা চালানো হয়। তবে এই হামলার সুনির্দিষ্ট অবস্থান কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ইরানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সেনাবাহিনীর দাবি অনুযায়ী, তাদের ড্রোনগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। বিশেষ করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে বলে তারা ইঙ্গিত দিয়েছে। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি।
বিবৃতিতে ইরান এই হামলাকে তাদের সামরিক সক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের এই নতুন দাবি সংঘাতকে আরও ঘনীভূত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।