লন্ডনে ফিলিস্তিনপন্থীদের 'আল-কুদস' র্যালি নিষিদ্ধ
ফিলিস্তিনপন্থী আল-কুদস ডে র্যালি নিষিদ্ধ করেছে ব্রিটিশ সরকার। আগামী রবিবার লন্ডনে র্যালিটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ মেট্রোপলিটন পুলিশ সার্ভিসের করা এই নিষেধাজ্ঞার অনুরোধে অনুমোদন দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তের পেছনে 'ভয়াবহ গণ-অশান্তি প্রতিরোধের' প্রয়োজনীয়তাকে কারণ হিসেবে দেখিয়েছেন। ২০১২ সালের পর যুক্তরাজ্যে এই প্রথম কোনো প্রতিবাদ মিছিল নিষিদ্ধ করার ঘটনা ঘটল।
র্যালিটি নিষিদ্ধ করায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
কয়েক দশক ধরে ফিলিস্তিনি এবং বিশ্বের অন্যান্য নিপীড়িত জনগোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে এই র্যালিটি শান্তিপূর্ণভাবে আয়োজিত হয়ে আসছিল। তবে এবারের নিষেধাজ্ঞার ফলে দীর্ঘদিনের এই কর্মসূচিটি আটকে গেল।
র্যালিটি নিষিদ্ধ করায় তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। আয়োজক সংস্থা ইসলামিক হিউম্যান রাইটস কমিশন (আইএইচআরসি) সরকারের যুক্তি প্রত্যাখ্যান করে জানিয়েছে, আগের বিক্ষোভগুলো কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয়েছিল। সংস্থাটি এই পদক্ষেপের 'তীব্র নিন্দা' জানিয়েছে এবং বর্তমানে আইনি লড়াইয়ের জন্য পরামর্শ নিচ্ছে।
আইএইচআরসি এই ঘটনার জন্য ব্রিটিশ রাজনীতিবিদ ও পুলিশের কঠোর সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এই নেতারা নিজেদের নির্বাচনী এলাকার জনগণের চেয়ে ইসরায়েলের স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তারা মনে করেন, সংশ্লিষ্টরা বর্তমানে 'ইসরায়েল ফার্স্ট' বা ইসরায়েলকে সবার আগে রাখার নীতিতে কাজ করছেন।