ইরানে হামলার ভিডিও প্রকাশ করল যুক্তরাষ্ট্র
ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনে শনিবার থেকে যৌথভাবে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এরপরই দুর্ধর্ষ এ হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। আজ রবিবার (১ মার্চ) এ ভিডিও প্রকাশ করেছে তারা।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হ্যান্ডেলে শেয়ার করা ফুটেজে দেখা যায়, রণতরি থেকে উড়ে যাচ্ছে যুদ্ধবিমান। সেই সঙ্গে ডেস্ট্রয়ারগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ফুটেজও প্রকাশ করা হয়েছে সেখানে। এতে দেখা যায়, মার্কিন বাহিনী একের পর এক প্রচণ্ড শক্তিতে আঘাত করে যাচ্ছে।
এর আগে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। এর প্রতিক্রিয়ায় নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘পাল্টা হামলা না করাই তাদের জন্য ভালো হবে। যদি তারা তা করে, তাহলে আমরা এমন শক্তি দিয়ে আঘাত করব, যা আগে কখনো দেখা যায়নি!’
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির হত্যাকাণ্ডের পর বিশ্বের নানা দেশে আমেরিকা বিরোধী বিক্ষোভ দেখা গেছে। ভারত অধিকৃত কাশ্মিরের শ্রীনগরে খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভের আয়োজন করেছে সেখানকার শিয়া মুসলিমরা। খামেনির মৃত্যুর খবরে এদিকে পাকিস্তানের করাচিতে আমেরিকান দূতাবাসে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা।