ইরানের গার্লস স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০
ইরানের দক্ষিণাঞ্চলে একটি গার্লস স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে আল জাজিরা।
ইরনা জানায়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ শনিবার একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।
ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের একটি ঘাঁটি রয়েছে মিনাবে। মিনাবে এই বিমান হামলা ইরান অভিযানে প্রথম নিশ্চিত হতাহতের ঘটনা বলে এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। আজ ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনায় হামলার এই তথ্য নিশ্চিত করেছে।