২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪২

মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

হামলা  © সংগৃহীত


যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 

ফারস নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র।

এতে আরও বলা হয়, পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একইসঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণ ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি রিয়াদে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীর পুনরায় সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই আগ্রাসনকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে এবং জোর দিয়ে বলছে, এর জবাবে দৃঢ় পদক্ষেপ নেওয়ার বৈধ অধিকার তেহরানের রয়েছে।

বিবৃতিতে বলা হয়, উত্তেজনা বৃদ্ধি রোধ এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরানি জাতি সবসময় ধৈর্য ও সংযম প্রদর্শন করেছে। তবে সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় ‘পুরোপুরি প্রস্তুত’ এবং তারা হামলাকারীদের এমন জবাব দেবে; যা তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত করবে।