২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭

আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু পাকিস্তানের, নিহত ১৩৩

আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছে পাকিস্তান  © সংগৃহীত

সীমান্তে হামলা ও সেনাদের অপহরণের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ চালু করেছে পাকিস্তান। পাকিস্তানের বিমান বাহিনী (পিএএফ) ও স্থলবাহিনীর অভিযানে ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন এবং ২০০-এরও বেশি আহত হয়েছেন।

অভিযানের অংশ হিসেবে আফগান সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদের ডিপোও ধ্বংস করা হয়েছে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি এই তথ্য জানিয়েছেন। এক্স বার্তায় তিনি জানান, রাত ৩টা ৪৫ মিনিটে পিএএফ ও পাকিস্তানের আর্মি আফগানিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। অভিযান চলাকালীন কাবুল, পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

পাশাপাশি কাবুল, পাকতিয়া ও কান্দাহারে ২৭টি সেনাচৌকি ধ্বংস এবং ৯টি চৌকি পাকিস্তানের আর্মি দখল করেছে।

পিএএফের বোমাবর্ষণে ধ্বংস হয়েছে আফগান সেনাবাহিনীর দু’টি সেনা হেডকোয়ার্টার, ৩টি ব্রিজ হেডকোয়ার্টার, ২টি গোলাবারুদের ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, ৩টি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, ২টি সেক্টর হেডকোয়ার্টার, ৮০টিরও বেশি ট্যাংক এবং বিপুলসংখ্যক আর্টিলারি বন্দুক ও সাঁজোয়া যান।

এর আগে ২১ ফেব্রুয়ারি পাকিস্তানের বিমান বাহিনী নানগারহার ও পাকতিয়া প্রদেশের কয়েকটি এলাকায় বোমাবর্ষণ চালায়, এতে ৮০-এর বেশি নিহত হয়। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছিল, এই অভিযান নিষিদ্ধ তালেবানপন্থি গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে এবং যারা নিহত হয়েছেন তারা টিটিপির যোদ্ধা।

তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার দাবি করে, হামলা জঙ্গিঘাঁটিতে নয়, সাধারণ এলাকায় করা হয়েছে। এরপর তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, “এর বদলা নেওয়া হবে।”