প্রেমিকের সঙ্গে বেড়াতে যাওয়া তরুণীকে ৭ জন মিলে ধর্ষণ, গ্রেপ্তার ২
ভারতের আসামে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৭ জন মিলে ধর্ষণ করেছে ২৮ বছরের প্রেমিকাকে। এ সময় জোর করে তার অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে ১০ হাজার টাকা। এ ঘটনা ঘটেছে আসামের কছার জেলায়। তরুণীর অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে অভিযান।
সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, পুলিশ বলছে, এ ঘটনা কছার জেলার শিলচর শহরের। গত ১৯ ফেব্রুয়ারি বন্ধুর সঙ্গে সেখানে বেড়াতে গিয়েছিলেন তরুণী। অভিযোগ, সেখানেই এসইউভি গাড়িতে করে এসে ৭ জন তাঁদের পথ আটকায়। কোথা থেকে এসেছে জিজ্ঞাসা করে। এরপর হামলা চালায় তাঁদের ওপর।
সেখানেই যুবতীর বন্ধুকে আটকে তরুণীকে পর পর ধর্ষণ করে ৭ অভিযুক্ত। শুধু তাই নয়, ধর্ষণের পর জোর করে তার অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা ট্রান্সফার করিয়ে নেওয়া হয়। ভয়াবহ এ ঘটনার পর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও উচ্চবাচ্য করেনি।
আরও পড়ুন: ঝিনাইদহে দিনে গড়ে ৮ তালাক, পুরুষের তুলনায় নারীর প্রবণতা সাড়ে ৪ গুণ
এক সাংবাদিক এ ঘটনা নিয়ে রিপোর্ট করায় অভিযুক্তরা তাঁকেও ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এরপরই চাপের মুখে তৎপর হয় পুলিশ। ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনায় এ দু’জন যুক্ত ছিল বলে পুলিশকে বয়ানও দিয়েছেন নির্যাতিতা। একাধিক ধারায় মামলা করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
তৃণমূলের রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবও এ মামলায় কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের এমপি বলেন, ‘কাছাড় জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছি এবং মামলায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে জানতে চেয়েছি। চূড়ান্ত অমানবিক এ ঘটনা কোনওভাবেই ধামাচাপা দেওয়া ঠিক নয়। তৃণমূল কংগ্রেস কোনওভাবেই এটা সহ্য করবে না।’