ফের জেন-জি বিক্ষোভ শুরু হয়েছে ইরানে
পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলার মধ্যেই ইরানে আবারও জোরালো হচ্ছে ‘জেন-জি’ নেতৃত্বাধীন সরকারবিরোধী বিক্ষোভ। রাজধানী তেহরানে রবিবার (২২ ফেব্রুয়ারি) টানা দ্বিতীয় দিনের মতো সমাবেশ, মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাধারণ মানুষ।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ডিসেম্বর-জানুয়ারিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ এবং সেই হত্যাকাণ্ডের বিচার দাবিতে শনিবার তেহরানে আন্দোলন শুরু করে তরুণ প্রজন্মের সরকারবিরোধী অংশ। এর পাল্টা হিসেবে ক্ষমতাসীন সরকারের সমর্থক তরুণ-তরুণীরাও মিছিল-সমাবেশের ডাক দেয়।
ইরানের অনলাইন সংবাদমাধ্যম ফার্স নিউজ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের তিনটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মুহাম্মদ রেজা শাহ পাহলভি-এর আমলের পতাকা হাতে মিছিল করছেন এবং সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন।
একাধিক মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি তীব্র চাপে রয়েছে। দেশটির মুদ্রা ইরানি রিয়াল বর্তমানে বিশ্বের দুর্বলতম মুদ্রাগুলোর একটি। অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিকে ব্যবসায়ী ও দোকানমালিকরা আন্দোলন শুরু করেন। পরে তা দ্রুত সরকারবিরোধী বৃহৎ বিক্ষোভে রূপ নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ে।