শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর
সারা দেশে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। আগামী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ও সোমবার (২৯ ও ৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এ ছাড়া বুধবার ও বৃহস্পতিবার (২ ও ৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। এতে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।