২১ নভেম্বর ২০২৬, ২০:২৭

ঘরহারা পরিবার পাবে ৫০ হাজার, দুর্যোগে নিহতের জন্য ৫০, আহতের জন্য ২৫ হাজার— ১২ শর্ত পূরণ করলেই বিবেচনা

ঘরহারা পরিবার পাবে আর্থিক সহায়তা  © সংগৃহীত

বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে পুনর্নির্মাণের জন্য পরিবারপ্রতি সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেবে সরকার। আর দুর্যোগে কোনো ব্যক্তির মৃত্যু হলে তাঁর পরিবারকে দেওয়া হবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা। দুর্যোগে আহত ব্যক্তির চিকিৎসার জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সর্বোচ্চ ২০ হাজার টাকা আর্থিক সহায়তার বিধান রাখা হয়েছে।

একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবার, দুস্থ ও অতিদরিদ্র মানুষের জন্য খাদ্য, শিশুখাদ্য, পশুখাদ্য, শীতবস্ত্র, ঢেউটিন ও নগদ অর্থসহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তার পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছে সরকার। এসব সহায়তা পাওয়ার যোগ্যতা নির্ধারণে ১২টি মানদণ্ডের মধ্যে অন্তত চারটি পূরণ করার শর্ত রাখা হয়েছে।

এসব বিধান রেখে ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০১২-১৩ সালের বিদ্যমান নির্দেশিকা সংশোধন ও হালনাগাদ করে নতুন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। গত ১২ অক্টোবর মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নির্দেশিকাটি গেজেটে প্রকাশিত হয় ১০ নভেম্বর।

ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে ৫০ হাজার টাকা
নতুন নির্দেশিকা অনুযায়ী, দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হলে পুনর্নির্মাণের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেওয়া যাবে। আর আংশিক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য পরিবারপ্রতি সর্বোচ্চ ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

ঘর নির্মাণের জন্য নগদ অর্থের পাশাপাশি ঢেউটিন সহায়তারও বিধান রাখা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাসগৃহ বা স্বনির্মিত দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হলে মেরামতের জন্য সর্বোচ্চ দুই বান্ডিল এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে সর্বোচ্চ তিন বান্ডিল ঢেউটিন দেওয়া যাবে। বিশেষ বিবেচনায় মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এ পরিমাণ পাঁচ বান্ডিল পর্যন্ত করা সম্ভব হবে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও ব্যবসায়ী উভয়েই এ সুবিধা পাবেন।

এ ছাড়া দুস্থ মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অতিদরিদ্র ব্যক্তিদের ঘর নির্মাণে সর্বোচ্চ ছয় বান্ডিল এবং পুনর্নির্মাণে সর্বোচ্চ চার বান্ডিল ঢেউটিন দেওয়ার বিধান রয়েছে। সাধারণভাবে এ সহায়তা ১০ বছরে একবার পাওয়া যাবে।

যেসব পরিবারকে ঘর নির্মাণের জন্য সরকারি জিআর ঢেউটিন দেওয়া হবে, তাদের প্রতি বান্ডিল ঢেউটিনের বিপরীতে ছয় হাজার টাকা করে নগদ সহায়তাও দেওয়া যাবে। এ সুবিধা ১০ বছরে একবারের বেশি পাওয়া যাবে না।

দুর্যোগে মৃত্যুতে পরিবার পাবে ৫০ হাজার টাকা
দুর্যোগ ও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। কোনো ব্যক্তি দুর্যোগে মারা গেলে তাঁর পরিবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাবে। অন্যদিকে দুর্যোগে আহত ব্যক্তির চিকিৎসার জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা দেওয়া যাবে।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে সর্বোচ্চ ৩০ হাজার টাকা সহায়তার বিধান রয়েছে। একইভাবে দুর্যোগে গবাদিপশু মারা গেলে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারকে গরু বা মহিষের জন্য সর্বোচ্চ ২৫ হাজার এবং ভেড়া বা ছাগলের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দেওয়া যাবে। আহত গবাদিপশুর চিকিৎসার জন্যও সহায়তা দেওয়া যাবে।

শিশুখাদ্যে ৩ হাজার, পশুখাদ্যে ২ হাজার টাকা
দুস্থ ও অতিদরিদ্র পরিবারের শিশুদের খাদ্য কেনার জন্য বছরে একবার সর্বোচ্চ তিন হাজার টাকা দেওয়া যাবে। দুধ, হরলিক্স, সাগু, সুজি, বার্লি, চিনি ও নুডলসসহ প্রয়োজনীয় শিশুখাদ্য কেনার জন্য এ অর্থ ব্যয় করা যাবে।

একইভাবে গবাদিপশুর খাবার কিনতে অসচ্ছল পরিবারকে বছরে একবার সর্বোচ্চ দুই হাজার টাকা দেওয়া হবে। খৈল, ভুসি, খড়, কুড়ো ও ঘাসসহ বিভিন্ন গোখাদ্য কেনার জন্য এ অর্থ ব্যবহার করা যাবে।

এ ছাড়া অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাদ্যসহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীপ্রতি দৈনিক ৫০ গ্রাম সয়া প্রোটিন অথবা ১০০ গ্রাম সয়া দুধ কিংবা সরকার নির্ধারিত অন্য কোনো খাদ্য দেওয়ার বিধান রয়েছে।

১২ শর্তের চারটি পূরণ করলেই বিবেচনা
দুস্থ ও অতিদরিদ্র পরিবার চিহ্নিত করার জন্য নতুন নির্দেশিকায় ১২টি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত চারটি শর্ত পূরণ করলে সংশ্লিষ্ট পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুস্থ বা অতিদরিদ্র হিসেবে বিবেচনা করা হবে।

শর্তগুলোর মধ্যে রয়েছে পরিবারের মালিকানায় কোনো জমি না থাকা অথবা বসতভিটা ছাড়া কৃষিজমি না থাকা, দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীল হওয়া, পরিবারের প্রধান নারী শ্রমিক বা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল হওয়া, উপার্জনক্ষম পূর্ণবয়স্ক পুরুষ সদস্য না থাকা এবং স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজে পাঠাতে বাধ্য হওয়া।

এ ছাড়া পরিবারের উপার্জনের স্থায়ী সম্পদ না থাকা, স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্তা নারীর অসচ্ছল পরিবার হওয়া, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা বা তাঁদের পরিবারের সদস্য হওয়া, প্রতিবন্ধী সদস্য থাকা, অন্য কোনো নিয়মিত সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্থায়ী সুবিধাভোগী না হওয়া এবং প্রাকৃতিক দুর্যোগে চরম খাদ্য বা অর্থসংকটে পড়াও বিবেচনায় নেওয়া হবে। বছরের অধিকাংশ সময় দুবেলা খাবার জোটে না, এমন পরিবারও এ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য হবে।

নির্দেশিকা অনুযায়ী, স্বাভাবিক অবস্থায় দুস্থ ও অতিদরিদ্র পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, সাময়িক খাদ্য সংকটে পড়া দরিদ্র জনগোষ্ঠী, অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক স্তরের শিক্ষার্থী, ধর্মীয় উৎসব পালনে অসচ্ছল জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের মানুষ, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী এবং নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত পরিবার মানবিক সহায়তা পাবে। প্রয়োজনে সরকার অন্য ব্যক্তি, পরিবার বা জনগোষ্ঠীকেও এ কর্মসূচির আওতায় আনতে পারবে।

শীতবস্ত্র ও খাদ্যসহায়তাও দেওয়া হবে
শীতবস্ত্র সহায়তার ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে একটি কম্বল, চাদর বা কমফোর্টার এবং পরিবারপ্রতি সর্বোচ্চ দুটি দেওয়ার বিধান রয়েছে। অন্যান্য বস্ত্র ব্যক্তিপর্যায়ে একটি এবং পরিবারপ্রতি সর্বোচ্চ তিনটি দেওয়া যাবে। তীব্র শীত, কুয়াশা বা বৃষ্টির সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি করে তারপলিন বা তাঁবু দেওয়া যাবে। তবে আগের বছর সরকারি সহায়তায় এসব সামগ্রী পাওয়া ব্যক্তি ও পরিবার পরবর্তী সময়ে একই ধরনের সহায়তা পাওয়ার যোগ্য হবে না।

দুস্থদের খাদ্যসহায়তা বা ভিজিএফ কর্মসূচিতে পরিবারপ্রতি সর্বোচ্চ ৩০ কেজি চাল বা গম দেওয়ার বিধান রাখা হয়েছে। স্বাভাবিক সময়ে খাদ্য কিনতে অক্ষম দরিদ্র, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং কৃষি বা অন্যান্য ক্ষেত্রে কর্মহীন সময়ে খাদ্যসংকটে পড়া পরিবার এ সহায়তা পাবে।

নতুন কোনো মহামারির কারণে বিভিন্ন পেশার মানুষ সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়লে পরিবারপ্রতি মাসে ২০ থেকে ৩০ কেজি চাল বা গম অথবা দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়ার বিধানও রয়েছে।

তালিকা তৈরি ও অভিযোগ নিষ্পত্তিতে নতুন নিয়ম
নতুন নির্দেশিকায় মানবিক সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে সুবিধাভোগীদের ডিজিটাল ডাটাবেজ তৈরির পাশাপাশি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা পর্যায়ে তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।

ওয়ার্ডভিত্তিক বাস্তবায়ন কমিটি পাড়া ও গ্রামভিত্তিক দুস্থ ও অতিদরিদ্র পরিবারের তালিকা তৈরি করবে। পরে ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ের কমিটি তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠাবে। ইউনিয়ন পর্যায়ের তালিকা উপজেলা কমিটির মাধ্যমে এবং পৌরসভার তালিকা জেলা প্রশাসকের মাধ্যমে অনুমোদিত হবে।

সুবিধাভোগীর তালিকায় নাম না থাকা কিংবা সহায়তা নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট পৌরসভা বা ইউনিয়ন কমিটির সভাপতির কাছে আপত্তি জানাতে পারবেন। ইউনিয়ন কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং পৌরসভা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে পুনর্বিবেচনার আবেদন করা যাবে। অভিযোগ পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

নির্দেশিকায় বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সহায়তা বিতরণ শেষ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। বিতরণ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। প্রকৃত উপকারভোগীদের মধ্যে সহায়তা বিতরণ নিশ্চিত করতে স্বজনপ্রীতি বা দুর্নীতির আশ্রয় না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

‘স্বচ্ছতা নির্ভর করবে মাঠপর্যায়ের যাচাই-বাছাইয়ের ওপর’
নতুন নির্দেশিকা প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি শাখার যুগ্ম সচিব সেখ ফরিদ আহমেদ বলেন, মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকায় কয়েকটি ক্ষেত্রে সহায়তার পরিমাণ ও আওতা বাড়ানো হয়েছে। আগে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি বান্ডিল টিনের বিপরীতে তিন হাজার টাকা দেওয়া হতো। নতুন নির্দেশিকায় তা সর্বোচ্চ ছয় হাজার টাকা করা হয়েছে। একইভাবে আগে সর্বোচ্চ দুই বান্ডিল টিন দেওয়া হলেও এখন তা বাড়িয়ে ছয় বান্ডিল পর্যন্ত করা হয়েছে।

এ ছাড়া ভিজিএফসহ বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচির পরিমাণ ও আওতায় পরিবর্তন আনা হয়েছে। সব মিলিয়ে আগের নির্দেশিকার তুলনায় নতুন নির্দেশিকায় বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নতুন নির্দেশিকায় উপকারভোগী নির্বাচনের জন্য ১২টি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে জানিয়ে যুগ্ম সচিব বলেন, ন্যূনতম চারটি মানদণ্ড পূরণ করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সহায়তা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

সেখ ফরিদ আহমেদ বলেন, ‘স্বচ্ছতা বাড়ানোর জন্যই মূলত নতুন নির্দেশিকা করা হয়েছে। তবে স্বচ্ছতা নির্ভর করে মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের ওপর। মাঠপর্যায়ে যারা কাজ করেন, তারা যদি আন্তরিকতার সঙ্গে নির্ধারিত মানদণ্ডগুলো অনুসরণ করেন, তাহলে যারা সহায়তা পাওয়ার উপযুক্ত, তারা তা পাবেন। এটাই আমাদের লক্ষ্য। আমাদের মন্ত্রীরও একই উদ্দেশ্য।’