দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান পাচ্ছে ১ লাখ টাকা, ছাত্রীদের সাইকেলের জন্য ১০ হাজার
অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাদ্যসহায়তা এবং চরাঞ্চলের স্কুল-কলেজগামী মেয়েদের সাইকেল কেনার জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা দেওয়ার বিধান করেছে সরকার। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদরাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও পুনর্নির্মাণে সর্বোচ্চ এক লাখ টাকা আর্থিক সহায়তা এবং ১৫ বান্ডিল পর্যন্ত ঢেউটিন দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এসব বিধান রেখে ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০১২-১৩ সালের বিদ্যমান নির্দেশিকা সংশোধন ও হালনাগাদ করে নতুন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। গত ১২ অক্টোবর মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নির্দেশিকাটি গেজেটে প্রকাশিত হয় ১০ নভেম্বর।
নতুন নির্দেশিকায় শিক্ষা-সংশ্লিষ্ট কয়েকটি ক্ষেত্রে বিশেষ সহায়তার বিধান রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক শিক্ষার্থীদের খাদ্য সরবরাহ, চরাঞ্চলের ছাত্রীদের যাতায়াতের জন্য সাইকেল কেনার অর্থ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো মেরামত ও পুনর্নির্মাণে আর্থিক ও উপকরণ সহায়তা।
প্রাথমিক শিক্ষার্থীরা পাবে বিশেষ খাদ্যসহায়তা
নির্দেশিকা অনুযায়ী, অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাদ্যসহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীপ্রতি দৈনিক ৫০ গ্রাম সয়া প্রোটিন অথবা ১০০ গ্রাম সয়া দুধ দেওয়া যাবে। বিকল্প হিসেবে সরকার নির্ধারিত অন্য কোনো খাদ্যও সরবরাহ করা যাবে।
শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা বিবেচনায় এ সহায়তা দেওয়া হবে। তবে কতজন শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় আসবে, কোন কোন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কী প্রক্রিয়ায় অপুষ্টির ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের চিহ্নিত করা হবে, তা বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।
চরাঞ্চলের ছাত্রীদের সাইকেল কিনতে ১০ হাজার টাকা
চরাঞ্চলের স্কুল-কলেজগামী মেয়েদের যাতায়াতের সুবিধার্থে সাইকেল কেনার জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা সহায়তা দেওয়ার বিধান রাখা হয়েছে নতুন নির্দেশিকায়।
চরাঞ্চলের অনেক শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। কোথাও নদী, খাল কিংবা দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে নিয়মিত যাতায়াতও কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ছাত্রীদের যাতায়াত সহজ করতে সাইকেল কেনার জন্য এ সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান পাবে এক লাখ টাকা
দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদরাসা, এতিমখানা, মসজিদ, মন্দির, প্যাগোডা, কিয়াং, পাঠাগার ও নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠানের সংস্কার বা মেরামতের জন্য সর্বোচ্চ ২০ হাজার টাকা সহায়তা দেওয়া যাবে। তবে বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এ সহায়তার পরিমাণ ৫০ হাজার টাকা পর্যন্ত করা যাবে।
এ ছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ অন্যান্য নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠানের মেরামত বা নির্মাণে সর্বোচ্চ এক লাখ টাকা আর্থিক সহায়তার বিধান রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো পুনর্নির্মাণে আর্থিক সহায়তার পাশাপাশি ঢেউটিনও দেওয়া হবে। নির্দেশিকা অনুযায়ী, দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণে সর্বোচ্চ ১৫ বান্ডিল ঢেউটিন পাবে। অন্যান্য নিবন্ধিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ পরিমাণ সর্বোচ্চ সাত বান্ডিল।
ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়তা পেতে যেসব প্রক্রিয়া
নতুন নির্দেশিকায় মানবিক সহায়তা বিতরণে সুবিধাভোগী নির্বাচন ও তালিকা তৈরির প্রক্রিয়াও নির্ধারণ করা হয়েছে। ওয়ার্ডভিত্তিক বাস্তবায়ন কমিটি পাড়া ও গ্রামভিত্তিক দুস্থ ও অতিদরিদ্র পরিবারের তালিকা তৈরি করবে। পরে ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ের কমিটি তা যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠাবে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও ক্ষয়ক্ষতির প্রতিবেদন, ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের সংখ্যা বিশ্লেষণ করে সহায়তার বরাদ্দ নির্ধারণ করবে মন্ত্রণালয়।
নির্দেশিকায় বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সহায়তা বিতরণ শেষ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। পাশাপাশি সুবিধাভোগীদের তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ এবং বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
‘স্বচ্ছতা নির্ভর করবে মাঠপর্যায়ের যাচাই-বাছাইয়ের ওপর’
মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকায় কয়েকটি ক্ষেত্রে সহায়তার পরিমাণ ও আওতা বাড়ানো হয়েছে। আগে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি বান্ডিল টিনের বিপরীতে তিন হাজার টাকা দেওয়া হতো। নতুন নির্দেশিকায় তা সর্বোচ্চ ছয় হাজার টাকা করা হয়েছে। একইভাবে আগে সর্বোচ্চ দুই বান্ডিল টিন দেওয়া হলেও এখন তা বাড়িয়ে ছয় বান্ডিল পর্যন্ত করা হয়েছে বলে জানান নতুন নির্দেশিকা নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি শাখার যুগ্ম সচিব সেখ ফরিদ আহমেদ।
তিনি জানান, ভিজিএফসহ বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচির পরিমাণ ও আওতায় পরিবর্তন আনা হয়েছে। সব মিলিয়ে আগের নির্দেশিকার তুলনায় নতুন নির্দেশিকায় বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।
সেখ ফরিদ আহমেদ বলেন, ‘স্বচ্ছতা বাড়ানোর জন্যই মূলত নতুন নির্দেশিকা করা হয়েছে। তবে স্বচ্ছতা নির্ভর করে মাঠপর্যায়ে যাচাই-বাছাইয়ের ওপর। মাঠপর্যায়ে যারা কাজ করেন, তারা যদি আন্তরিকতার সঙ্গে নির্ধারিত মানদণ্ডগুলো অনুসরণ করেন, তাহলে যারা সহায়তা পাওয়ার উপযুক্ত, তারা তা পাবেন। এটাই আমাদের লক্ষ্য। আমাদের মন্ত্রীরও একই উদ্দেশ্য।’