ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি, কত দিন থাকবে জানালেন আবহাওয়াবিদ
ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ ও আগামীকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তবে গতকালের তুলনায় আজ ঢাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে। এ সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। বিশেষ করে ২৫ ও ২৬ নভেম্বরের পর শীতের অনুভূতি বাড়তে পারে।
আজ শনিবার (২১ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড় আকভানের সর্বশেষ পরিস্থিতি ও বৃষ্টিপাতের স্থায়িত্ব সম্পর্কে জানতে চাইলে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ঘূর্ণিঝড়টি ইতোমধ্যে দুর্বল হয়ে গেছে। এটি প্রথমে প্রবল ঘূর্ণিঝড়, পরে ঘূর্ণিঝড়, গভীর নিম্নচাপ এবং এরপর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি আরও দুর্বল অবস্থায় রয়েছে। একেবারে বিলীন হতে কিছুটা সময় লাগতে পারে।
তিনি বলেন, আজ রংপুর বিভাগের কিছু এলাকায়, বিশেষ করে গাইবান্ধা ও সিংড়া অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
ঢাকার আবহাওয়া প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীতে বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে। দেশের মধ্যাঞ্চলেও থেমে থেমে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ১২ মাসের মধ্যে সোনার দামে রেকর্ড পতন, আজ ভরি বিক্রি হচ্ছে কত টাকায়?
শীতের আগমন প্রসঙ্গে এই আবহাওয়াবিদ বলেন, শীতের আভাস আগেও ছিল। তবে এ সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। বিশেষ করে ২৫ ও ২৬ নভেম্বরের পর শীতের অনুভূতি বাড়তে পারে।
এদিকে ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ১২ অঞ্চলে অস্থায়ীভাবে দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, অঞ্চলগুলো হলো—ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।