১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৬

বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

বঙ্গোপসাগরে লঘুচাপ   © সংগৃহীত

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ ও পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি বলছে, এই সিস্টেমের প্রভাবে আগামী ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এক তথ্যবার্তায় এসব তথ্য জানায় বিডব্লিউওটি। সংস্থাটি জানায়, সাগরে অবস্থান করা সিস্টেমটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে শনিবার সকালে দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, বর্তমানে সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রের ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বর্তমান অবস্থান থেকে সিস্টেমটি উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে এবং পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এমনকি পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, সিস্টেমটি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত করুক বা না করুক, এর পরোক্ষ প্রভাবে আগামী ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।