১০ নভেম্বর ২০২৬, ০১:৫৭

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উইন্টার সেশন অনুষ্ঠিত

ন্যাশনাল ক্লাইমেট অ্যাপ্লিকেশন ফোরাম  © সংগৃহীত

আসন্ন শীতকালীন পূর্বাভাস, এল-নিনোর প্রভাব এবং মৌসুমভিত্তিক অন্যান্য ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদী আবহাওয়া ও জলবায়ু তথ্য ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে ‘ন্যাশনাল ক্লাইমেট অ্যাপ্লিকেশন ফোরাম (এনসিএএফ) উইন্টার সেশন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস)-এর যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে এই সেশনটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অংশীজন ও কারিগরি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। ইউকে-বাংলাদেশ হাইড্রোলজিক্যাল কোলাবরেশন এবং প্রতিষ্ঠা কনসোর্টিয়ামের আওতায় আয়োজিত অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিয়ন হিউম্যানিটারিয়ান এইড (ইকো) ও ইউকে এফসিডিও (এফসিডিও) আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন অ্যাকশন এইডজেন্ট হাসার (এসিএফ)-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের ডমন কুমার চক্রবর্তী, ব্রিটিশ হাইকমিশন ঢাকার ক্লাইমেট অ্যান্ড লাইভলিহুডস অ্যাডভাইজার এ বি এম ফিরোজ আহমেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (হাইড্রোলজি) ড. মো. সজ্জাদ হোসেন।

কারিগরি সেশনে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক ২০২৫ সালের শীত মৌসুমের আবহাওয়া ও পূর্বাভাসের কার্যকারিতা মূল্যায়ন নিয়ে বিস্তারিত পর্যালোচনা উপস্থাপন করেন। তিনি জানান, ২০২৫ সালের শীতকালের পুরো তিন মাস তীব্র শীত আবহাওয়া বজায় ছিল এবং জানুয়ারি ২০২৫-এ নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭° সেলসিয়াস। 

এ সময় মৌসুমী পূর্বাভাসগুলোকে অবশ্যই ব্যবহারযোগ্য, খাতভিত্তিক পরামর্শে রূপান্তর করতে হবে উল্লেখ করে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে একটি ডিজিটাল মাধ্যম প্ল্যাটফর্ম এবং ন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর ক্লাইমেট সার্ভিসেস (এন‌এফসিএস) গঠনের জোরালো দাবি উত্থাপন করেন।

অধিদপ্তরের আরেক আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান সাম্প্রতিক এল-নিনো পরিস্থিতি এবং এর ফলে আসন্ন জলবায়ু সম্ভাব্য রূপরেখা নিয়ে একটি কারিগরি আলোচনা পরিচালনা করেন। তিনি জানান, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এল-নিনোর প্রভাব শক্তিশালী অবস্থায় থাকতে পারে।

প্রযুক্তি গ্রহণের দিকনির্দেশনা হিসেবে অপর আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ ২০২৬ সালের শীত মৌসুমের জন্য মৌসুমী ও মাসিক আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরেন। তিনি জানান, আসন্ন ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি ২০২৬-২০২৭ মাস জুড়ে সামগ্রিকতায়ে কম বৃষ্টিপাতসহ এই শীতকাল থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে।

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান ইউকে-বাংলাদেশ হাইজ্রোমেট কোলাবরেশন এবং অন্যান্য উদ্যোগের আওতায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র-এর বন্যা পূর্বাভাস তথ্য প্রস্তুতকরণ এবং এর প্রসার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া রাইমসের ওয়েদার এক্সপার্ট খান মো. গোলাম রোকন এবং ড. বজলুর রশিদ তাপপ্রবাহের জন্য তাপমাত্রা-ভিত্তিক Thresholds এবং Indices নিয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন। এই অধিবেশনে তাপপ্রবাহের সতর্কতা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রাকে বিবেচনায় নেওয়ার ওপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এছাড়া, তাপপ্রবাহে পূর্বাভাস এবং হিট ওয়েভ-ভিত্তিক থ্রেশহোল্ড নির্ধারণের ক্ষেত্রে তাপপ্রবাহকালীন সময়ে মানদহের অনুভুতি বা ‘ফিলিং কন্ডিশন’ বিবেচনায় রাখার কথা বলা হয়।

একটি সমন্বিত আগাম সতর্কবার্তা ইকোসিস্টেমের দিকে অগ্রসর হওয়ার নিদর্শনস্বরূপ রাইমসের কান্ট্রি প্রাইজ্ট নাজমূল আহসান ‘ইনস্ট্যান্ট সাউথ এশিয়া পোর্টাল’-এর সরাসরি ব্যবহারিক দিক প্রদর্শন করেন। দুপুরের পর মৌসুমী পূর্বাভাসকে ব্যবহারযোগ্য খাতভিত্তিক পরামর্শে রূপান্তরের উদ্দেশ্যে একটি ইন্টারেক্টিভ গ্রুপ ওয়ার্ক অনুষ্ঠিত হয়। এই সেশনে অংশগ্রহণকারীদের কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য এর মতো খাতভিত্তিক দলে ভাগ করা হয়, যাতে তারা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বিশ্লেষণ করে স্থানীয় পর্যায়ের প্রভাব ও করণীয় নির্ধারণ করতে পারেন। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল আসন্ন শীত মৌসুমের পূর্বাভাস ও সুপারিশ এবং জনগণের জন্য সতর্কতামূলক বার্তা তৈরি করা।

অনুষ্ঠানের সমাপনী পর্বে রাইমসের কান্ট্রি প্রোগ্রাম লিড রায়হানুল হক খান সমাপনী বক্তব্য প্রদান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বহুমুখী দুর্যোগ আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং জলবায়ু তথ্যকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কার্যকর সহনশীলতায় রূপান্তর করার লক্ষ্যে তাদের সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।