৩০ অক্টোবর ২০২৬, ১৫:৪৮

রাতের মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব জেলায় 

প্রতীকি ছবি  © সংগৃহীত

দেশের আট বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কিছু এলাকায় বজ্রপাতও হতে পারে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর থেকে শনিবার (৩১ অক্টোবর) সকাল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরীফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ পূর্বাভাস জানান।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের পর থেকে শনিবার সকাল ৮টার মধ্যে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা বিভাগের সব জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এ বিভাগের জেলাগুলোতে দুপুর ২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এ অঞ্চলে দুপুর ২টার পর থেকে রাত ৮টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগের বিভিন্ন জেলাতেও বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন তিনি। বিশেষ করে বিভাগের পশ্চিম দিকের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।

ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জামালপুর ও শেরপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।

চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের কোনো কোনো জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম।

সিলেট বিভাগে সন্ধ্যার আগে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। তবে রাতে সুনামগঞ্জ ও সিলেট জেলায় অল্প পরিমাণে বৃষ্টি হতে পারে।

আর ঢাকা বিভাগের দক্ষিণ-পশ্চিম দিকের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা রয়েছে। এসব এলাকায় দুপুর ২টার পর থেকে রাত ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে।

এদিকে ঢাকা শহরের ওপরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মোস্তফা কামাল পলাশ। তাঁর পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বিকেল ৪টার পর থেকে রাত ৮টার মধ্যে রাজধানীতে বৃষ্টি হতে পারে।