১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৯

গঙ্গা-পদ্মার পানি কমছে, ৫ দিনের মধ্যে কিছু এলাকায় প্লাবনের শঙ্কা

পদ্মা নদীর পানি  © ফাইল ছবি

দেশের গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বর্তমানে হ্রাস পাচ্ছে। পর্যবেক্ষণাধীন সব পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী পাঁচ দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। একই সঙ্গে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, পাঙ্খা পয়েন্টে গঙ্গা নদীর পানি সমতল বর্তমানে ২১ দশমিক ৭৩ মিটার। এটি বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজশাহী পয়েন্টে পানি সমতল ১৭ দশমিক ২৯ মিটার, যা বিপদসীমার ৭৬ সেন্টিমিটার নিচে। আর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি সমতল ১৩ দশমিক ০৬ মিটার, যা বিপদসীমার ৭৪ সেন্টিমিটার নিচে রয়েছে।

স্বল্পমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। এরপর পরবর্তী দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময় নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত থাকার আশঙ্কা রয়েছে।

মধ্যমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১০ দিনে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে নদীর পানি সমতল প্রথমদিকে প্রায় স্থিতিশীল থাকতে পারে। পরে তা হ্রাস পেতে পারে এবং বিপদসীমার নিচেই অবস্থান করতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল নিম্নমুখী রয়েছে এবং পর্যবেক্ষণাধীন পয়েন্টগুলোতে তা বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে।