গঙ্গা-পদ্মায় বাড়ছে পানি, কয়েকটি নদীতে সতর্কতার শঙ্কা
দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী কয়েক দিনে গঙ্গা, পদ্মা, গড়াই, মাথাভাঙ্গা ও উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি বাড়তে পারে। এ সময় গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু স্থানে এবং গড়াই নদী ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী তিন দিন দেশের অভ্যন্তরে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী পাঁচ দিনও এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে, গঙ্গা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে। পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। গঙ্গার পানি আগামী তিন দিন বাড়তে পারে। পরবর্তী দুই দিন তা স্থিতিশীল থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়, পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন বাড়তে পারে। এ সময় গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় গড়াই ও মাথাভাঙ্গা নদীর পানি সমতলও বেড়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে। এ সময় গড়াই নদী ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল রয়েছে। ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।
আরো বলা হয়, তিস্তা নদীর পানি আগামী এক দিন বাড়তে পারে। এরপর পরবর্তী দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি সমতল আরও বাড়তে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটারকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটারকে মাঝারি-ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটারকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।
জানা যায়, বন্যা সংক্রান্ত তথ্যের জন্য বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ০১৩১৬-২৩৪৯৬২, ০১৩১৬-২৩৪৯৬৩, ০১৩২১-১৩৯৫৪২ ও ০১৭০৯-৬৫৪৭৯১ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টোল-ফ্রি ১০৯০ নম্বরে কল করে ৫ চাপলেও বন্যা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।