১৭ আগস্ট ২০২৬, ১৫:০০

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

প্রতীকী ছবি  © সংগৃহীত ও সম্পাদিত

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (১৭ আগস্ট) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আজ সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা এ পরিস্থিতি থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

ভারী বৃষ্টির কারণে এসব বিভাগের শহর ও নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি জানতে আবহাওয়া অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।