১৩ জুলাই ২০২৬, ১৭:০৬

দেশের ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা 

প্রতীকী ছবি  © সংগৃহীত

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের অন্তত ৯টি জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও অবক্ষয় ঘটতে পারে। তবে ইতিবাচক খবর হচ্ছে, চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হবে।

আজ সোমবার (১৩ জুলাই ) সকালে দেওয়া এক বিশেষ বুলেটিনে পরবর্তী ৪৮ ঘণ্টার এই পূর্বাভাস নিশ্চিত করেছে বন্যা তথ্যকেন্দ্র।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহের কোথাও কোথাও নতুন করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বিদ্যমান অবস্থার অবক্ষয় ঘটতে পারে।

বিপরীতে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্বাঞ্চলের বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহের বন্যা পরিস্থিতির চলমান উন্নতি ধারা অব্যাহত থাকতে পারে।

বর্তমানে দেশের প্রধান ৪টি নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে রয়েছে সুনামগঞ্জের ছাতক পয়েন্টে সুরমা নদী, সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদী এবং নেত্রকোনার কলমাকান্দা স্টেশনে সোমেশ্বরী নদী।

গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, তবে ধরলা ও দুধকুমার নদীর পানি আপাতত স্থিতিশীল রয়েছে। আবহাওয়া ও নদী পরিস্থিতি পর্যবেক্ষণ অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি আরও বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া গাইবান্ধা জেলায় তিস্তা এবং কুড়িগ্রামে ধরলা নদীর পানি সতর্কসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে রংপুর ও রাজশাহী বিভাগের টাঙ্গন, পুনর্ভবা, ঘাঘট, আত্রাই, আপার আত্রাই, মহানন্দা, যমুনেশ্বরী ও করতোয়া নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আপার করতোয়া নদীর পানি কিছুটা হ্রাস পেয়েছে।

বন্যা তথ্যকেন্দ্র আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে এবং উজান তথা ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের তীব্র পূর্বাভাস রয়েছে। উজানের এই বৃষ্টির কারণে দেশের নদ-নদীর পানি আরও দ্রুত বাড়তে পারে।

এদিকে বন্যা পরিস্থিতির সার্বিক তীব্রতা বিবেচনায় বন্যাকবলিত দেশের ১১টি জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আজ সোমবার এক জরুরি প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এই ঘোষণা দেন। তিনি জানান, দুর্যোগ কবলিত মানুষের পাশে সার্বক্ষণিক চিকিৎসাসেবা পৌঁছে দিতেই জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।