১২ জুলাই ২০২৬, ২২:৪৬

ঢাকাসহ পাঁচ বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বর্ষণের শঙ্কা 

প্রতীকী ছবি  © সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন বিভাগে চলমান বর্ষণ আরও তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া ও নদী পরিস্থিতি পর্যবেক্ষণকারী সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে, যা ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় শুরু হয়ে গেছে।

এই সময়ের মধ্যে দেশের বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কোনো কোনো জেলায় আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত চরম অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

টানা এই রেকর্ড ভাঙা বৃষ্টির কারণে দেশের প্রধান প্রধান শহর ও নিচু এলাকাগুলোতে স্বল্পস্থায়ী তীব্র জলাবদ্ধতা তৈরি হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের উজানে (ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে) অতিভারী বর্ষণ অব্যাহত থাকার কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের আশঙ্কা, নদীর পানি আকস্মিক বৃদ্ধির ফলে কিছু কিছু পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, যার জেরে নদীসংলগ্ন নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলো প্লাবিত হয়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট এলাকার প্রশাসন ও বাসিন্দাদের আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।