৮ বিভাগেই টানা দুদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের সতর্কবার্তা
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বুধবার (৮ জুলাই) বিকেল ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিকে অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচনা করা হয়।
ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ কারণে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে জাতীয় দুর্যোগ সাড়া কেন্দ্রের হটলাইন ১০৯০ নম্বরে যোগাযোগ করা যাবে।