চট্টগ্রামের মিরসরাইয়ে ঝর্নায় ৩ দিনের প্রবেশ নিষেধাজ্ঞা
পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার শঙ্কায় পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝর্ণা আগামী ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব ঝর্ণায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময় কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না এবং দর্শনার্থীদের ঝর্ণাগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না।
চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি হলে আকস্মিক ঢল, পাহাড় ধস এবং ঝর্ণায় পানির প্রবল স্রোতের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই জননিরাপত্তার স্বার্থে এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বারৈয়াঢালা রেঞ্জ কার্যালয় থেকে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের ইজারাদারকে নির্দেশ দেওয়া হয়েছে, বন্ধের সময়কালে কোনো পর্যটককে ঝর্ণায় প্রবেশ করতে না দেওয়া এবং টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
এবিষয়ে কথা বলতে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলমের মোবাইলে যোগাযোগ করার একধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
উল্লেখ্য, প্রতি বর্ষা মৌসুমেই অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মিরসরাইয়ের বিভিন্ন ঝর্ণায় প্রাণহানির মতো ঘটনা ঘটে। সে কারণে এবার পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ সাময়িকভাবে ঝর্ণাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।