০৫ জুলাই ২০২৬, ১৪:৩৮

চট্টগ্রাম-সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, সাত জেলায় বন্যার পূর্বাভাস

অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, সাত জেলায় বন্যার পূর্বাভাস  © সংগৃহীত

দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী ৫ দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সাথে আগামী ৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের ৭টি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস মিলেছে। 

আজ রবিবার (০৫ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত এক বিশেষ বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে ভারি থেকে অতি ভারি এবং উজানে ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৫ দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

অতি ভারি বৃষ্টির কারণে আগামী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরীসহ প্রধান নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানে নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এই জেলাগুলোর নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নিম্নাঞ্চলও নদীসমূহের পানি বৃদ্ধির কারণে সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এদিকে দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৩ দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ২ দিন আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে, যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে, আগামী ২ দিন স্থিতিশীল থাকার পর পরবর্তী ১ দিন বৃদ্ধি পেতে পারে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই নদীর পানি বৃদ্ধি পেলেও সারিগায়োইন, সোমেশ্বরী ও কংস নদীর পানি হ্রাস পেয়েছে। রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল থাকলেও ধরলা ও দুধকুমার নদীর পানি হ্রাস পেয়েছে, আগামী ২ দিন পর্যন্ত কমতে পারে। 

পরিস্থিতি বিবেচনায় বন্যা কবলিত এলাকার মানুষকে সতর্ক থাকার এবং জরুরি প্রয়োজনে, বন্যা তথ্য কেন্দ্রের হটলাইনে সংক্রান্ত আপডেট পাওয়া যাবে bmd.gov.bd। জরুরি প্রয়োজনে ১০৯০ নম্বরে কথা করতে বলা হয়েছে।