সাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় জরুরি বিজ্ঞপ্তি জারি আবহাওয়া অধিদপ্তরের, ১৬ জেলায় ঝড়ের আভাস
দেশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ায় জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সন্ধ্যার মধ্যে দেশের ১৬ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, আজ রবিবার (৫ জুলাই) দুপুর ১২টায় এটি ২১ দশমিক ৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।
আরও পড়ুন: প্রধান শিক্ষকের ‘পরকীয়ায়’ তছনছ সহকারী শিক্ষকের সংসার, মেজাজ হারিয়ে পেটালেন প্রতিষ্ঠানপ্রধানকে
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বিরূপ আবহাওয়া বিরাজ করতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর মাঝারি ধরনের উত্তাল থাকতে পারে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পৃথক পূর্বাভাসে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।