৬ জেলায় বজ্রপাতের শঙ্কা, বাইরে না যাওয়ার সতর্কতা
দেশের ছয় জেলায় দুপুরের মধ্যে বজ্রপাত ও ঝড়ো হাওয়ার আশঙ্কার কথা জানিয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৯ জুন) অধিদপ্তরের ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, বগুড়া, নওগাঁ, জামালপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও চাঁদপুর জেলার কিছু এলাকায় সোমবার দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতের শব্দ শোনা গেলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ পূর্বাভাস মূলত বজ্রপাত-সংক্রান্ত সতর্কবার্তা। এটি বৃষ্টির শুরু, স্থায়িত্ব বা পরিমাণ নির্ধারণের উদ্দেশ্যে দেওয়া হয়নি। কারণ বৃষ্টি শুরুর আগে, চলাকালীন কিংবা বৃষ্টি শেষ হওয়ার পরও বজ্রপাত হতে পারে।
এ কারণে সর্বশেষ বজ্রধ্বনি শোনার পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।