রাত ১টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে যে ১২ জেলায়
দেশের ১২টি জেলায় রাত ১টার মধ্যে ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৪ জুন) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাংগাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।