দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
দেশের রংপুর বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও বান্দরবানে শুক্রবার (৮ মে) দুপুর ১২টার মধ্যে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে এক বার্তায় আবহাওয়ার এই পূর্বাভাস প্রদান করেন।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, ‘শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে শুধু রংপুর বিভাগের সব জেলা ও চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও বান্দরবান জেলায় বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এ ছাড়া দুপুর ১২টার আগে দেশের অন্যান্য জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম।’
চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রে কেবল কক্সবাজার ও বান্দরবান জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিভাগের অন্যান্য জেলায় দুপুর ১২টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম বলে জানানো হয়েছে। এছাড়া রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগের জেলাগুলোয় দুপুর ১২টার আগে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই ক্ষীণ। মূলত রংপুর বিভাগ এবং চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের দুই জেলা বাদ দিলে দেশের বাকি অংশে দুপুরের আগে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।