বায়ু দূষণে শীর্ষে ঢাকা, দ্বিতীয়-তৃতীয় স্থানে কারা
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শুক্রবার (৮ মে) সকাল ৮টায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। এ সময় শহরটির বায়ুর মানসূচক (একিউআই) স্কোর ছিল ১৭৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই স্কোর ১৫৬। তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৫১।
একিউআই মান অনুযায়ী, ১০১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।
বিশেষজ্ঞদের মতে, ঢাকার এই ভয়াবহ বায়ুদূষণের পেছনে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাবালু বড় ভূমিকা রাখছে।
এ ধরনের দূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।