৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৮

ঢাকাসহ দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

বৃষ্টির পূর্বাভাস  © সংগৃহীত

দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেটসহ ছয়টি বিভাগে মাঝারি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া বিভাগ জানায়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। ভারী বৃষ্টির ফলে কোনো কোনো এলাকায় সাময়িক জলাবদ্ধতা বা যান চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।