ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যেসব অঞ্চলে তুমুল ঝড় হতে পারে আজ
রাজধানী ঢাকায় বুধবার রাত থেকেই বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালেও বৃষ্টির এই ধারা অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালবৈশাখী ঝড়ের তীব্রতা কিছুটা কমে এলেও আজ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
এর আগে গত বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবারও সারাদেশে প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। মূলত কালবৈশাখীর এই মৌসুমে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।