১১ মার্চ ২০২৬, ০৯:৫৫

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর  © টিডিসি ফটো

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার (১১ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রাও ২৪ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে, এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে।

অন্যদিকে, গতকাল রাতের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।