২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০০

মার্চের প্রথম সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টি  © সংগৃহীহ

মার্চের প্রথম সপ্তাহে দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ১, ২ ও ৩ মার্চ সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে দেশের তাপমাত্রা সাধারণের চেয়ে ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের ১৩ দশমিক ৬ ডিগ্রির চেয়ে সামান্য কম। সর্বোচ্চ তাপমাত্রা কমার প্রবণতাও দেখা গেছে; গত বৃহস্পতিবার চট্টগ্রামের সন্দ্বীপে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আগের দিনের চট্টগ্রামের আমবাগানের ৩৪ দশমিক ৪ ডিগ্রির তুলনায় কম।

আজ দেশের বেশির ভাগ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে’। আগামীকাল ২৮ ফেব্রুয়ারিও রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।