০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

প্রতীকী ছবি  © সংগৃহীত

আজ ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনাও নেই। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭ শতাংশ। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সারা দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।