০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭

ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা

প্রতীকী ছবি  © ফাইল ছবি

ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সকালে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। দুপুর পর্যন্ত উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয় ৮১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৯ মিনিটে।

অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।