রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ৮ম চালান
রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের অষ্টম চালান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এ নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য একটি অতিরিক্ত চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটিসহ মোট আটটি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনার কথা রয়েছে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।
এদিকে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে কেন্দ্রটির প্রথম ইউনিট। টানা সাড়ে আট ঘণ্টার বেশি উৎপাদনের পর ওই দিন রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। এ সময় কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। এরপর সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. কবির হোসেন জানান, এ পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে প্রথম ইউনিটের দায়িত্ব রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে প্রভিশনাল টেকওভারের মাধ্যমে গ্রহণ করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। পরবর্তী সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে কার্যক্রম শুরু করবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।