পারমাণবিক বিদ্যুতের যুগে পা রাখল বাংলাদেশ
কারিগরি জটিলতার পথ মাড়িয়ে অবশেষে পারমাণবিক বিদ্যুৎের যুগে প্রবেশ করল দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশে চিরসবুজ বাংলাদেশ। কয়েক ধাপের পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগের ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা চালানো হবে।
এরপর বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে কেন্দ্রটির প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে। পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো নিবিড়ভাবে যাচাই করা হবে।
সব কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে এবং এ পর্যায়ের নির্ধারিত কাজ সম্পন্ন হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নিতে হবে। সংস্থাটির অনুমোদন সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে (ট্রায়াল অপারেশন) জাতীয় গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রম শুরু হবে।
চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ প্রক্রিয়ায় প্রথম ইউনিটটি রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে প্রাথমিকভাবে হস্তান্তর (প্রভিশনাল টেকওভার) করা হবে।
পরবর্তী সময়ে সরকারের গেজেট বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালন সংস্থা হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।
রাশিয়ান প্রতিষ্ঠান রোসাটমের সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। সর্বমোট ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।